Menu
Back to timeline

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দেওয়া বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দেওয়া বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীর পলাশ উপজেলায় বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঠিকাদার সজিব মিয়া পলাশ থানায় মামলাটি করেন।

ভুক্তভোগী বালু ব্যবসায়ীর নাম সাখাওয়াত হোসেন (৪৮)। তাঁর বাড়ি পাশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। অন্যদিকে অভিযুক্ত ওই বিএনপি নেতা নাম মহিউদ্দিন চিশতিয়া (৪৮)। তিনি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে গত সোমবার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের সামনে পথ রোধ করে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁকে ওই বিএনপি নেতার বাড়িতে নিয়ে এক ঘণ্টা আটকে রেখে কিলঘুষি ও চড়থাপ্পড় মারা হয়। এ সময় ওই বিএনপি নেতা তাঁর গলা চেপে ধরে কানে কামড় দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁর কানে চারটি সেলাই লাগে।

মামলার প্রধান আসামি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া (৪৪)। মামলায় নাম উল্লেখ করা অন্য ১০ আসামিরা হলেন জামাল (৪১), জনি (৩২), আনোয়ার (৪৩), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪) ও রিজন (৩৭)। তাঁরা মহিউদ্দিন চিশতিয়ার কর্মী এবং ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, টি কে খান গ্রুপের একটি প্রকল্পে বালু-ইট-রড-সিমেন্ট সরবরাহ করার দায়িত্ব পান তিনি। এর পরিপ্রেক্ষিতে বালু সরবরাহ করার জন্য সাখাওয়াত হোসেনের কাছ থেকে একটি ড্রেজার মেশিন ও পাইপ ভাড়া করেন। গত সোমবার বাংলাদেশ জুট মিলের ভেতরে শীতলক্ষ্যার পাড়ে ওই ড্রেজার-পাইপ সেট করা হচ্ছিল। বিকেল ৪টার দিকে মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশে মোটরসাইকেলে চেপে আসামিরা এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরা মাথায় পিস্তল ঠেকিয়ে সাখাওয়াত হোসেনকে মোটরসাইকেলে তুলে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যান। তাঁকে বাড়ির উঠানে ফেলে এলোপাথাড়ি মারধর করেন আসামিরা। একপর্যায়ে তাঁর গলা চেপে ধরে কানে কামড় দিয়ে কান ছিঁড়ে ফেলেন মহিউদ্দিন চিশতিয়া। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ির বাইরে ফেলে আসেন আসামিরা।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই কাজের টেন্ডার আমি পাইনি, ভাড়ায় কাজ করছি বললেও মহিউদ্দিন চিশতিয়া গলা চেপে ধরে কানে কামড় দেন। এর আগেই তাঁর কর্মীরা আমাকে উঠানে ফেলে উপর্যুপরি কিলঘুষি আর চড়থাপ্পড় মারেন। আমি তাঁদের বিচার চাই।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, কানে কামড় দিয়ে ব্যবসায়ীকে আহত করার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াসহ এই মামলায় ১১ জনের নাম রয়েছে। আসামিরা পলাতক। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

More from the timeline

View all