Menu
Back to timeline

হামে শিশুমৃত্যুর ঘটনায় বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট: রাষ্ট্র সংস্কার আন্দোলন

হামে শিশুমৃত্যুর ঘটনায় বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট: রাষ্ট্র সংস্কার আন্দোলন

হামের প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ শুক্রবার দলের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যখন দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে, তখন সরকার জরুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলে বেশি ব্যস্ত।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও জনস্বাস্থ্যবিষয়ক সম্পাদক সামিউল হক চৌধুরী যৌথ বিবৃতিতে বলেন, ক্ষমতার কৌশলী মোড়কে সরকার আজ জনস্বার্থকে বন্দী করে ফেলেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিলে ইরানে যত শিশু হত্যা করেছে, দেশে তার চেয়ে বেশি শিশু কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই রাষ্ট্রব্যবস্থা ও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সরকারও সন্তানদের রক্ষা করতে পারছে না, যা চরম লজ্জার।

এতে বলা হয়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগে হামের মতো অসুখে শিশুর মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে ঢাকায় আনতে হচ্ছে, এরপরও বাঁচানো যাচ্ছে না—এটি সামগ্রিক স্বাস্থ্য খাতের দুর্বলতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, সরকার টিকাদান কর্মসূচি এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিশুস্বাস্থ্য উন্নয়নের উদ্যোগ নেওয়ার চেয়ে রাজনৈতিক বয়ান তৈরি এবং দোষারোপের রাজনীতিতে নিজেদের সমস্ত শক্তি ব্যয় করছে। এটা একধরনের লাশের রাজনীতি। হাম ও হামের উপসর্গে এরই মধ্যে চার শতাধিক শিশু হত্যার দায় এই সরকার কোনোমতেই অস্বীকার করতে পারে না।

অনতিবিলম্বে সব শিশুর টিকা প্রদান নিশ্চিত করার দাবি জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। তারা হামের প্রকোপ বাড়ছে, এমন এলাকায় প্রয়োজনীয় সুবিধাসহ ফিল্ড হাসপাতাল বানানো, প্রান্তিক পর্যায়ে শিশুস্বাস্থ্য উন্নত করতে বিশেষ ক্র্যাশকোর্স গ্রহণ এবং হামের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অডিট করে জবাবদিহি নিশ্চিতের দাবিও জানান।

More from the timeline

View all