Menu
Back to timeline

সাতক্ষীরা-১ আসন,আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা-১ আসন,আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইজ্জত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে পৃথকভাবে এ নোটিশ দেওয়া হয়।

দুই প্রার্থীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (গ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত নম্বর ২) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শনকালে দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান। কলারোয়ার তুলসীডাঙ্গা, হেলাতলা, গোপীনাথপুর মোড়, মুরারিকাটিসহ বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহর নির্বাচনী ফেস্টুন গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাঁটানো অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া ৩০ মাইল মোড়সহ কয়েকটি স্থানে রঙিন ছবিসংবলিত ব্যানারও টাঙানো দেখা গেছে।

অন্যদিকে কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে এবং অন্যান্য স্থানে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলামের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। এতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (গ)-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।

দুই প্রার্থীকে দেওয়া নোটিশে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামীকাল দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশ।

এ বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলামকে কল করলে তাঁর চাচাতো ভাই আবদুস সাত্তার ধরে বলেন, হাবিবুল ইসলাম গণসংযোগে আছেন। তিনি এখন কথা বলতে পারবেন না। নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটা নোটিশ পেয়েছেন। তবে এখনো অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে যথাসময়ে ব্যাখ্যা দেওয়া হবে।

More from the timeline

View all