রাজধানীর পল্লবীর কালশী আদর্শনগর এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলি ও তাঁর বড় বোনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন—সুমন মিয়া (৩২) ও তাঁর বোন লাভলী বেগম (৪৫)। তাঁরা দুজনই কালশী এলাকার বাসিন্দা।
কীভাবে ঘটল হামলা
আহত সুমনের স্ত্রী মাহিমা জানান, সুমন সিসিটিভি ক্যামেরার ব্যবসা করেন। শনিবার রাতে কালশী আদর্শনগরের ২২ তলা ভবনের পেছনে স্থানীয় সন্ত্রাসী শরীফ, কবিরসহ পাঁচ–ছয়জন দুর্বৃত্ত গিয়ে চাঁদা দাবি করে। এ নিয়ে লাভলী বেগমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা লাভলীকে ছুরিকাঘাত করে।
এরপর সুমন এগিয়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের বক্তব্য
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাতেই আহত ভাইবোনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।