Menu
Back to timeline

টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, কিশোরী-শিশুসহ আহত ৫

টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, কিশোরী-শিশুসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফের বিএনপি প্রার্থীর প্রচারণায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন একটি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীর দাবি, রোহিঙ্গা ‘সন্ত্রাসীরা’ এ প্রচারণায় গুলি চালিয়েছে।

গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে দুজন আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অন্য তিনজন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁরা হলেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোছনী গ্রামের বাচা মিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১২) ও নুসরাত জান্নাত (১৬)। গুলিবিদ্ধ রোহিঙ্গা নাগরিকেরা হলেন আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুর রহমান (২৭) ও মোহাম্মদ জিসান (১৩)।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে নুসরাত জান্নাত ও শাহাব উদ্দিনকে চট্টগ্রাম নগরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নুসরাতের পিঠে ও শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে।

জানতে চাইলে নুসরাতের মা ছমিরা বেগম বলেন, মেয়েকে নিয়ে তিনি সড়কের পাশে একটি ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে ধানের শীষের গান (প্রচারণা) দেখছিলেন। হঠাৎ দুটি গুলি এসে তাঁর মেয়ের পিঠে লাগে।

দুর্বৃত্তের একটি গুলি এসে লেগেছে স্থানীয় বাসিন্দা বাচা মিয়ার হাতে। জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কিছু লোকজন নেচেগেয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপরই লোকজন দৌড়ে পালাতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি গুলি এসে তাঁর হাতে লাগে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী বলেন, যে এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এটি রোহিঙ্গা–অধ্যুষিত। পাশে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র রয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে এ এলাকায় প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। ধানের শীষের প্রচারণায় রোহিঙ্গাদের কেউ গুলি করতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

একই অভিযোগ করেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন। তিনি বলেন, ‘আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারটি রাতদিন চব্বিশ ঘণ্টা খোলা থাকে। ধানের শীষের প্রচারণা লক্ষ্যে করে রোহিঙ্গারা গুলি করেছে।’

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ধানের শীষের প্রচারণায় গোলাগুলির ঘটনা ঘটলেও এর নেপথ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। তবে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

More from the timeline

View all